টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পৃথক পাঁচ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে আইভীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হৃদয় রহমান।এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাকশ্রমিক মিনারুল হত্যাসহ ৫টি মামলায় গত নভেম্বর মাসে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দেন হাইকোর্ট। তবে আপিল বিভাগে এই পাঁচ মামলায় জামিন স্থগিত হয়ে যায়।পরে ১৮ নভেম্বর তাকে নতুন করে পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পাঁচ মামলার মধ্যে চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়, সেগুলো হলো—ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা।হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর মামলাটি হয়েছে সদর মডেল থানায়।২০২৪ সালে ২০ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাকশ্রমিক মিনারুল ইসলাম। শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরদিন গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর নিহত মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় এজাহারভুক্ত ১২ নম্বর আসামি সেলিনা হায়াৎ আইভী। পরে তার বিরুদ্ধে আরও মামলা করা হয়।
৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী








